মির্জা আব্বাসকে জড়িয়ে ডিবিসি নিউজের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ‘নাসিরুদ্দিন পাটোয়ারী কি ওসমান হাদির পরিণতি দেখে নাই!? ১২ ফেব্রুয়ারিতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারীর শেষ দেখা’ শিরোনামে সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জড়িয়ে মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি এবং তাকে উদ্ধৃত করে ডিবিসি নিউজও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ডিবিসি নিউজের লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘২৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২৯ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি ‘বাবা, তোমাদের এখনও বয়স হয়নি, আগে শ্রদ্ধা করতে শিখো: মির্জা আব্বাস’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ডিবিসি নিউজের মূল ফটোকার্ডটিতে ‘বাবা, তোমাদের এখনও বয়স হয়নি, আগে শ্রদ্ধা করতে শিখো: মির্জা আব্বাস’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘নাসিরুদ্দিন পাটোয়ারী কি ওসমান হাদির পরিণতি দেখে নাই!? ১২ ফেব্রুয়ারিতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারীর শেষ দেখা’ মির্জা আব্বাস’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসুত্র
- Rumor Scanner’s analysis
- DBC NEWS- Facebook Post

