রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান আ.লীগের সাথে ঐক্য নিয়ে কিছু বলেননি, ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে ‘প্রয়োজনে আওয়ামীলীগের সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর’ শিরোনামে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান আওয়ামী লীগের সাথে ঐক্য করবেন শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং ঢাকা মেইলও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঢাকা মেইল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম ঢাকা মেইলের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা মেইলের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা মেইলের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ঢাকা মেইলের ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি ‘জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ফটোকার্ডের তারিখ, ঢাকা মেইলের লোগো এবং তারেক রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। ঢাকা মেইলের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ঢাকা মেইলের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত ঢাকা মেইলের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তারেক রহমান বলেন, আমি জানি না, জামায়াত কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব। বিএনপির জ্যেষ্ঠ্য নেতারা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। যদিও নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে, সে সংখ্যা উল্লেখ করতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে। সব জনমত জরিপেই বিএনপি জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে, তবে তাদেরকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, সেই জোটে রয়েছে তরুণদের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলন থেকে উঠে আসা জেন–জিদের দল (এনসিপি)…।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- প্রথম আলো, সারাবাংলাসহ একাধিক গণমাধ্যমে।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ ও তারেক রহমানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘প্রয়োজনে আওয়ামীলীগের সাথে ঐক্য হতে পারে তবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারে যাবে না বিএনপি কখনও আর’ শিরোনামে ঢাকা মেইলের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: