গেল জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে উদ্ধৃত করে ‘তারেক রহমানকে আমরা ডাকসু ও ইসলামি ছাত্রশিবির মিলে প্রকাশ্য হত্যা করব ইনশাআল্লাহ দেশবাসীকে ওয়াদা দিলাম’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডার্সের লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি এবং অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডারসও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিইউ ইনসাইডারস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন প্ল্যাটফর্ম ডিইউ ইনসাইডার্সের লোগো রয়েছে।
উল্লেখিত তথ্যাবলীর সূত্র ধরে ডিইউ ইনসাইডার্সের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডিইউ ইনসাইডার্সের ফেসবুক পেজে গত ১৫ ডিসেম্বর ‘গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি ও ডিইউ ইনসাইডার্সের লোগো রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামের পার্থক্য আছে। এছাড়া, ডিইউ ইনসাইডারসে ব্যবহৃত শিরোনামের ফন্ট ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিইউ ইনসাইডার্সের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও, সাদিক কায়েমের মতো আলোচিত ছাত্র নেতা এমন মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, সাদিক কায়েমকে উদ্ধৃত করে তারেক রহমান, ডাকসু এবং ইসলামি ছাত্রশিবিরকে জড়িয়ে ডিইউ ইনসাইডার্সের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DU Insider – Facebook Page
- DU Insider – Facebook Post
- Md Abu Shadik – Facebook Profile
- Rumor Scanner’s Analysis


