‘আমি মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিলাম’ বলে মন্তব্য করেননি তারেক রহমান, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আমি মুচলেকা দিয়ে পালিয়েছিলাম’ শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘আমি মুচলেকা দিয়ে পালিয়েছিলাম’এমন কোনো মন্তব্য করেননি এবং একাত্তর টিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি ‘আমাদের প্লেনে করে পালিয়ে যাওয়ার জায়গা নেই’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, একাত্তর টিভির লোগো এবং তারেক রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। একাত্তর টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয় মূলধারার গণমাধ্যম (১) সূত্রে জানা যায়, তারেক রহমান বলেন, বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই গত ১৭ বছর এত অত্যাচার সহ্য করেও দলটি আজও টিকে আছে। হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই……।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- যমুনা টিভি, বাংলা ট্রিবিউন সহ একাধিক গণমাধ্যমে।
এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফেসবুক পেজ ও তারেক রহমানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আমি মুচলেকা দিয়ে পালিয়েছিলাম’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor TV – Facebook Page
- Ekattor TV – Website
- Ekattor TV – YouTube Channel
- Ekattor TV – Facebook Post
- Dhaka Mail – হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান
- Jamuna TV- আমাদের প্লেনে করে পালিয়ে যাওয়ার জায়গা নেই : তারেক রহমান
- Bangla Tribune – প্লেনে চড়ে আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই : তারেক রহমান
- BNP Media Cell – Facebook Page
- Tarique Rahman – Facebook profile
- Rumor Scanner’s Own Analysis

