গেল ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আপনার এলাকার সবচেয়ে ভদ্র এবং নামাজি ছেলেটাই ছাত্রদল করে। তাই বিএনপিতে চাঁদাবাজি হয়না’ শিরোনামে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে একাত্তর টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে একাত্তর টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘১২ ডিসেম্বর, ২০২৫’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ১২ ডিসেম্বর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে ২০২৫ সালের ২৩ মার্চ তারেক রহমানকে উদ্ধৃত করে ‘মানবিক কাজে মানুষকে উৎসাহ দিন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ও তারিখ ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আপনার এলাকার সবচেয়ে ভদ্র এবং নামাজি ছেলেটাই ছাত্রদল করে। তাই বিএনপিতে চাঁদাবাজি হয়না’ শীর্ষক মন্তব্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পরিবর্তে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘মানবিক কাজে মানুষকে উৎসাহ দিন’ শীর্ষক মন্তব্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আপনার এলাকার সবচেয়ে ভদ্র এবং নামাজি ছেলেটাই ছাত্রদল করে। তাই বিএনপিতে চাঁদাবাজি হয়না’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ekattor Tv- Facebook Post


