নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে একাত্তর টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘চাঁদাবাজির অভিযোগ এনে ১২ ফেব্রুয়ারিতে জনগণ বিএনপিকে ভোট দিক বা না দিক” তবে ১৩ ফেব্রুয়ারিতে কেন্দ্র দখল করে যেকোনো মূল্যে বিএনপি সরকার গঠন করবেই করবে’ শিরোনামে সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপিকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে একাত্তর টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ইলেকট্রনিক সংবাদমাধ্যম একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৮ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৮ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারি সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘আগামী ১২ই ফেব্রুয়ারি হবে ধানের শীষের ভূমিধস বিজয়’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘আগামী ১২ই ফেব্রুয়ারি হবে ধানের শীষের ভূমিধস বিজয়: সালাহউদ্দিন আহমেদ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁদাবাজির অভিযোগ এনে ১২ ফেব্রুয়ারিতে জনগণ বিএনপিকে ভোট দিক বা না দিক” তবে ১৩ ফেব্রুয়ারিতে কেন্দ্র দখল করে যেকোনো মূল্যে বিএনপি সরকার গঠন করবেই করবে : সালাউদ্দিন আহমেদ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ekattor- Facebook Post

