গেল জানুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্ধৃত করে ‘পাঁচবার এমপি হয়েও যে টাকা কামাই করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি’ শিরোনামে সংবাদমাধ্যম যায়যায়দিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদ ‘পাঁচবার এমপি হয়েও যে টাকা কামাই করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি’ শীর্ষক মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে যায়যায়দিনও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, যায়যায়দিনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যায়যায়দিনের লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘৩১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ , ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ৩১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, যায়যায়দিনের ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি ‘পাঁচবার এমপি হয়ে যা করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি: আসিফ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যায়যায়দিনের মূল ফটোকার্ডটিতে ‘পাঁচবার এমপি হয়ে যা করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি: আসিফ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘পাঁচবার এমপি হয়েও যে টাকা কামাই করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি: আসিফ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, যায়যায়দিনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আসিফ মাহমুদকে উদ্ধৃত করে ‘পাঁচবার এমপি হয়েও যে টাকা কামাই করতে পারেনি, ১৫ মাসে তার বেশি করেছি’ শিরোনামে যায়যায়দিনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jaijaidin- Facebook Post


