তারেক রহমানের মন্তব্য দাবিতে যমুনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আমার অতীতগুলো সব ভুলে যান আমি ভালো হয়ে গেছি ভবিষ্যতে আপনাদের জন্য অত্যাধুনিক তারবিহীন খাম্বা তৈরি করব’ শিরোনামে গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার অতীতগুলো সব ভুলে যান আমি ভালো হয়ে গেছি ভবিষ্যতে আপনাদের জন্য অত্যাধুনিক তারবিহীন খাম্বা তৈরি করব’ শীর্ষক মন্তব্য করেননি তারেক রহমান এবং এরূপ শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম যমুনা টিভির লোগোর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে তারেক রহমানকে উদ্ধৃত করে ‘ক্ষমতায় গেলে ‘আই হ্যাভ আ প্ল্যান’র অংশ হিসেবে সারাদেশে ২০ হাজার কি.মি. খাল খনন করতে চায় বিএনপি। ঢাকার খালের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘ক্ষমতায় গেলে ‘আই হ্যাভ আ প্ল্যান’র অংশ হিসেবে সারাদেশে ২০ হাজার কি.মি. খাল খনন করতে চায় বিএনপি। ঢাকার খালের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমার অতীতগুলো সব ভুলে যান আমি ভালো হয়ে গেছি ভবিষ্যতে আপনাদের জন্য অত্যাধুনিক তারবিহীন খাম্বা তৈরি করব’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তারেক রহমান ‘আমার অতীতগুলো সব ভুলে যান আমি ভালো হয়ে গেছি ভবিষ্যতে আপনাদের জন্য অত্যাধুনিক তারবিহীন খাম্বা তৈরি করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Jamuna Television- Facebook Post

