‘তারেক রহমানের পূর্বপুরুষের মাটি অপেক্ষায় তার জন্য’ শীর্ষক মন্তব্য করেননি শেহবাজ শরীফ, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উদ্ধৃত করে ‘তারেক রহমানের পূর্বপুরুষের মাটি অপেক্ষায় তার জন্য’ শিরোনামে দৈনিক সংবাদপত্র জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।


উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহবাজ শরীফ তারেক রহমানকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং জনকণ্ঠও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জনকণ্ঠ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জনকণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে জনকণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, জনকণ্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, জনকণ্ঠের ফেসবুক পেজে গত ২৭ ফেব্রুয়ারি ‘তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় শেহবাজ শরিফ’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ফটোকার্ডের তারিখ, জনকণ্ঠের লোগো এবং তারেক রহমান ও শেহবাজ শরীফের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। জনকণ্ঠের প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, জনকণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত জনকণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সঙ্গে বৈঠক হয়।বৈঠাকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং সুযোগ পেলে ঢাকা সফর করতে চান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আলোচনায় তিনি গত বছর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন।

সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে শেহবাজ শরীফ ‘তারেক রহমানের পূর্বপুরুষের মাটি অপেক্ষায় তার জন্য’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জনকণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: