জুলাই যোদ্ধাদের নিয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা’ শীর্ষক মন্তব্য করেননি তারেক রহমান এবং এরূপ শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৮ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ১৮ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারিতে তারেক রহমানের মন্তব্য দাবিতে ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ‘৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। একই ছবি ও ডিজাইনে একই তারিখে আরেকটি ফটোকার্ডও পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদান মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডে ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ‘৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন : তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা : তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের উল্লেখিত ফটোকার্ড দুইটির যেকোনো একটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, তারেক রহমান ‘জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler kantho- Facebook post (1)
- Kaler Kantho- Facebook Post (2)

