খালেদা জিয়াকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গেল জানুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে

উদ্ধৃত করে ‘অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন জাইমা রহমানের জন্য ফালুর সন্ধান করছিলেন, তিনি সম্ভবত আমাকে সিলেকশন করেছিলেন দুর্ভাগ্য আমার তিনি আজ নেই’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে জড়িয়ে নাসীরুদ্দীন পাট‌ওয়ারী এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে কালের কণ্ঠ‌ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের লোগো, ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৭ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৭ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২৭ জানুয়ারি নাসীরুদ্দীন পাট‌ওয়ারীকে উদ্ধৃত করে ‘অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি বেঁচে থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন। ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো স/ন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ স/ন্ত্রা/স ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি বেঁচে থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন। ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো স/ন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ স/ন্ত্রা/স ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে – ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে নাসীরুদ্দীন পাট‌ওয়ারী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘‘অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন জাইমা রহমানের জন্য ফালুর সন্ধান করছিলেন, তিনি সম্ভবত আমাকে সিলেকশন করেছিলেন দুর্ভাগ্য আমার তিনি আজ নেই’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, নাসীরুদ্দীন পাট‌ওয়ারীকে উদ্ধৃত করে খালেদা জিয়া ও জাইমা রহমানকে জড়িয়ে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: