প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে ‘আমাকে ভুলে যাইয়েন না আমার জন্য কেউ কান্না করবেন না’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমাকে ভুলে যাইয়েন না আমার জন্য কেউ কান্না করবেন না’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ড. মুহাম্মদ ইউনূস এমন কোন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো এবং প্রচারের তারিখ হিসেবে ‘১১ ফেব্রুয়ারি, ২০২৬’  উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব পর্যবেক্ষণ করে গত ১১ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১১ ফেব্রুয়ারি ‘ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমাকে ভুলে যাইয়েন না আমার জন্য কেউ কান্না করবেন না‘ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নির্বাচনপর আগেরদিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয় নয়, দেশবাসীকে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ভাষণে তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি-ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে, এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।’

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে ‘আমাকে ভুলে যাইয়েন না আমার জন্য কেউ কান্না করবেন না’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: