তারেক রহমানের প্রিয় সিনেমা প্রসঙ্গে রুমিন ফারহানার নামে কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে ‘তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার বঙ্গানুবাদ করে দিতেন রুমিন ফারহানা’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার বঙ্গানুবাদ করে দিতেন রুমিন ফারহানা’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো এবং প্রচারের তারিখ হিসেবে ‘২৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব পর্যবেক্ষণ করে গত ২৯ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি ‘তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার বঙ্গানুবাদ করে দিতেন রুমিন ফারহানা শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার (২৮ জানুয়ারি) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ হিসেবে।
এক পর্যায়ে তারেক রহমান তার পছন্দের একটি মুভি বা সিনেমার একটি উক্তি ব্যবহার করে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গির জানান দিয়েছেন। তা ছাড়াও, তিনি মুভিটি মোট ৮ বার দেখেছেন বলেও জানিয়েছেন টাইম ম্যাগাজিনকে।
সুতরাং, তারেক রহমানের পছন্দের সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার বঙ্গানুবাদ করে দিতেন রুমিন ফারহানা ’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalerkantho- Facebook Page
- Kalerkantho- Website
- Kalerkantho- YouTube
- Kalerkhanto- Facebook Post

