একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তমা মির্জার নামে ভুয়া মন্তব্য প্রচার, প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

গত ২৯ জানুয়ারি অভিনেত্রী তমা মির্জাকে উদ্ধৃত করে ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা ভারতীয় প্রক্সিযোদ্ধার ভূমিকায় ছিলো। ৭১ মুক্তিযুদ্ধ না, ভারতের প্রক্সিযুদ্ধ’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা ভারতীয় প্রক্সিযোদ্ধার ভূমিকায় ছিলো। ৭১ মুক্তিযুদ্ধ না, ভারতের প্রক্সিযুদ্ধ’ শীর্ষক মন্তব্য করেননি তমা মির্জা এবং এরূপ দাবিতে প্রথম আলোও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১৭ জানুয়ারি ২০২৬ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, প্রথম আলো এর ফেসবুক পেজে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে তমা মির্জার ছবি সংযুক্ত ‘ফিরছেন তমা সঙ্গী মোশাররফ ও রাজ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। প্রথম আলোর মূল ফটোকার্ডটিতে ‘ফিরছেন তমা সঙ্গী মোশাররফ ও রাজ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা ভারতীয় প্রক্সিযোদ্ধার ভূমিকায় ছিলো। ৭১ মুক্তিযুদ্ধ না, ভারতের প্রক্সিযুদ্ধ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত প্রথম আলোর পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে, তার একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল, নাম ‘জলযুদ্ধ’। অন্যটির পরিচালক হাসান মোরশেদ। তবে এখনই ছবিটির নাম প্রকাশ করতে চান না নির্মাতা। পরিচালক সূত্রে জানা গেছে, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চূড়ান্ত। জানা গেছে, দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। আর হাসান মোরশেদের ছবিতে তাঁর সহশিল্পী শরীফুল রাজ।

এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, অভিনেত্রী তমা মির্জাকে উদ্ধৃত করে ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা ভারতীয় প্রক্সিযোদ্ধার ভূমিকায় ছিলো। ৭১ মুক্তিযুদ্ধ না, ভারতের প্রক্সিযুদ্ধ’ শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: