তারেক রহমানকে জড়িয়ে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান ‘ক্ষমতায় গেলে ৫ বছরে কোটি গাঁজার গাছ রোপণ করব বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘ক্ষমতায় গেলে ৫ বছরে কোটি গাঁজার গাছ রোপণ করব বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে’ শীর্ষক মন্তব্য করেননি এবং আরটিভিও এরূপ দাবিতে কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং, আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আরটিভি এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ , ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, আরটিভি এর ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি ‘ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ক্ষমতায় গেলে ৫ বছরে কোটি গাঁজার গাছ রোপণ করব বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে: তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘ক্ষমতায় গেলে ৫ বছরে কোটি গাঁজার গাছ রোপণ করব বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে: তারেক রহমান’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: