ধর্ম ব্যবসা ও চাঁদাবাজি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরীর মন্তব্য দাবিতে আরটিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছবি সংযুক্ত করে ‘ধর্ম ব্যবসা করতে মানুষ খুন করা লাগে না। কিন্তু চাঁদাবাজি করতে মানুষ খুন করা লাগে। সুতরাং ধর্ম ব্যবসায়ীরাই নিরাপদ। আমরা নিরাপদ দেশ চাই।’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকের এই পোস্টটি প্রায় ৬ লক্ষ ১৬ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ম ব্যবসা ও চাঁদাবাজি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আরটিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আরটিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘২১ জানুয়ারি ২০২৬ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডে থাকা কিউআর কোডটি স্ক্যান করে আরটিভির ফেসবুক পেজে প্রয়াত চিত্রনায়ক জাভেদের ছবি সংযুক্ত ‘মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম এবং ছবি ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ধর্ম ব্যবসা করতে মানুষ খুন করা লাগে না। কিন্তু চাঁদাবাজি করতে মানুষ খুন করা লাগে। সুতরাং ধর্ম ব্যবসায়ীরাই নিরাপদ। আমরা নিরাপদ দেশ চাই।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ধর্ম ব্যবসা ও চাঁদাবাজি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরীকে উদ্ধৃত করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Rtv । আরটিভি- Facebook Post

