ছাত্রলীগকে নিয়ে রাবি ছাত্রদল সভাপতি রাহীকে জড়িয়ে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ‘ছাত্রলীগ দেখামাত্রই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহবান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম কালের কন্ঠ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ছাত্রলীগ দেখামাত্রই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহবান জানিয়েছেন রাবি ছাত্রদলের সভাপতি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কন্ঠ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কালের কন্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২২ জুন, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২২ জুন প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো, তারিখ এবং রাহীর ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি’ শিরোনামে কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডটির শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ছাত্রলীগ দেখামাত্রই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহবান জানিয়েছেন রাবি ছাত্রদলের সভাপতি’ প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালের কণ্ঠের উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের প্রতিবেদন হতে জানা যায় যে, নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুলস জেমিনির লোগো রয়েছে। যা এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্য।
সুতরাং, ‘ছাত্রলীগ দেখামাত্রই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহবান জানিয়েছেন রাবি ছাত্রদলের সভাপতি’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Post

