তারেক রহমানকে জড়িয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১২ জানুয়ারি বিএনপির বহিষ্কৃত নেত্রী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘বিএনপিতে সর্বপ্রথম চাঁদাবাজি আবিস্কার করে হাওয়া ভবন তৈরি করছে তারেক রহমান’ শিরোনামে সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপিতে সর্বপ্রথম চাঁদাবাজি আবিস্কার করে হাওয়া ভবন তৈরি করছে তারেক রহমান’ শিরোনামে সমকালের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, সমকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সমকালের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘১২ জানুয়ারি ২০২৬ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, একই তারিখে সমকালের ফেসবুক পেজে রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডটিতে ‘এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিএনপি-তে সর্বপ্রথম চাঁদাবাজি আবিস্কার করে হাওয়া ভবন তৈরি করছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত সমকালের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘এমপি চুরি করলে ঠিকাদার তো করবেই। এমপি যদি সৎ হন তবে কোনো ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করার।’ গত ১২ জানুয়ারি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, রুমিন ফারহানাকে উদ্ধৃত করে ‘বিএনপিতে সর্বপ্রথম চাঁদাবাজি আবিস্কার করে হাওয়া ভবন তৈরি করছে তারেক রহমান’ শিরোনামে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Samakal- Facebook Post

