দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের মন্তব্য দাবিতে সমকালের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গত ৭ ফেব্রুয়ারি ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন- ১২ তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি, ঢেন্ডাবাজি, দলিও কর্মী খুন বন্ধ রাখতে – বুদ্ধিজীবী সুজনের তীব্র নিন্দা’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে সমকাল‌ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, সমকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম সমকালের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৭ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ৭ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ৭ ফেব্রুয়ারি উক্ত ছবি সংবলিত ‘ সুজনের তথ্য – নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডটিতে ‘সুজনের তথ্য – নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, বেশি বিএনপির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন- ১২ তারিখ নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি, ঢেন্ডাবাজি, দলিও কর্মী খুন বন্ধ রাখতে – বুদ্ধিজীবী সুজনের তীব্র নিন্দা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের মন্তব্য দাবিতে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: