তারেক রহমানকে জড়িয়ে কোকোর সহধর্মিণীর মন্তব্য দাবিতে গণমাধ্যমের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘তারেক জিয়া আমাকে ও আমার মেয়েদের সব ধরনের রাজনীতিক থেকে দূরে থাকতে বলছে। তবুও বিবেকের তাড়নায় আমি শাশুড়ি রেখে যাওয়া ধানের শীষের পক্ষে প্রচারণায় এসেছি : প্রয়াত কোকোর সহধর্মিণী’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম দৈনিক সকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে জড়িয়ে তার ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে দৈনিক সকালও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দৈনিক সকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক সকালের লোগো, ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১ জানুয়ারি ২০২৬’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, দৈনিক সকালের ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি উক্ত ছবি সংবলিত ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে : প্রয়াত কোকোর সহধর্মিণী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক সকালের মূল ফটোকার্ডটিতে ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে : প্রয়াত কোকোর সহধর্মিণী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক জিয়া আমাকে ও আমার মেয়েদের সব ধরনের রাজনীতিক থেকে দূরে থাকতে বলছে। তবুও বিবেকের তাড়নায় আমি শাশুড়ি রেখে যাওয়া ধানের শীষের পক্ষে প্রচারণায় এসেছি : প্রয়াত কোকোর সহধর্মিণী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দৈনিক সকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত দৈনিক সকালের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনেও প্রচারণা চালিয়েছেন তার ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
গেল ১ ফেব্রুয়ারি বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেন কোকো-পত্নী। এসময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান তিনি। তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।
সুতরাং, প্রয়াত কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি ‘তারেক জিয়া আমাকে ও আমার মেয়েদের সব ধরনের রাজনীতিক থেকে দূরে থাকতে বলছে। তবুও বিবেকের তাড়নায় আমি শাশুড়ি রেখে যাওয়া ধানের শীষের পক্ষে প্রচারণায় এসেছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Dainik Sokal- Facebook Post

