আইডি হ্যাক নিয়ে জামায়াত আমিরের মন্তব্য দাবিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান ‘আইডি হ্যাক করার জন্য মাফ করে দিয়েছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে গত ১ ফেব্রুয়ারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমীর এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে একটি অস্পষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারি ‘অতীতের সব মাফ করে দিয়েছি গোপালগঞ্জে বললেন জামায়াত আমির’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ইনডিপেনডেন্ট টেলিভিশনের মূল ফটোকার্ডটিতে ‘‘অতীতের সব মাফ করে দিয়েছি গোপালগঞ্জে বললেন জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আইডি হ্যাক করার জন্য মাফ করে দিয়েছি-জামায়াত আমির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অতীতে তাদের সঙ্গে যা যা হয়েছে, সব মাফ করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান। ২৭ জানুয়ারি রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান। জামায়াত আমীর বলেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি ।

সুতরাং, জামায়াত আমীর ‘আইডি হ্যাক করার জন্য মাফ করে দিয়েছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • Independent Television- Facebook Post
Share: