জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনকে জড়িয়ে আমার দেশের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জামায়াতকে নিয়ে পেরেশান ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলো!’ শিরোনামে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতকে নিয়ে পেরেশান ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলো!’ শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন আরেকটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে আমার দেশের লোগো দেখতে পাওয়া যায় এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৫ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৫ জানুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারি ‘চরমোনাইর দল নিয়ে পেরেশান জামায়াত’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তবে, উভয় ফটোকার্ডের শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘চরমোনাইর দল নিয়ে পেরেশান জামায়াত’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘জামায়াতকে নিয়ে পেরেশান ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলো!’। এছাড়াও আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র

