বগুড়ায় প্রতারণার ঘটনায় আটক ব্যক্তিকে সাংবাদিক ইলিয়াসের ভাই দাবি করে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “বগুড়ায় চাঁদা আদায়ে আটক জামায়াতের কর্মী সাংবাদিক ইলিয়াসের চাচাতো ভাই: পুলিশ” শিরোনামে মূলধারার গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বগুড়ায় চাঁদা আদায়ে আটক জামায়াতের কর্মী সাংবাদিক ইলিয়াসের চাচাতো ভাই: পুলিশ’ শিরোনামে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘০৬ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। পাশাপাশি লক্ষ্য করা যায়, আমার দেশের ফটোকার্ডের নিচের অংশে ‘বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি লেখা থাকে যেটি আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে অনুপস্থিত।

পরবর্তীতে, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত আটক ব্যক্তির ছবি এবং কথিত সাংবাদিক ইলিয়াসের চাচাতো ভাইয়ের বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইটে গত ০৬ ডিসেম্বরে ‘ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ১’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। একই ছবি সংযুক্ত প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোকছেদ আলী (৪৭) এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।
প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, কিছুদিন আগে অভিযুক্ত মোকছেদ আলী ও তার সঙ্গীরা বড় বেলাইল গ্রামের মানুষদের জানায় যে, তারা যদি ‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে ভোট দেন, তবে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাতার কার্ড করে দেওয়া হবে। তবে, অভিযুক্ত মোকছেদ আলী কথিত সাংবাদিক ইলিয়াসের চাচাতো ভাই শীর্ষক দাবির বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ছবি যুক্ত করে ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে দেশিয় একাধিক (১, ২) সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। প্রতিবেদনগুলো থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, ‘বগুড়ায় চাঁদা আদায়ে আটক জামায়াতের কর্মী সাংবাদিক ইলিয়াসের চাচাতো ভাই: পুলিশ’ শিরোনামে দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh: Facebook Page
- Daily Amar Desh: Website
- Daily Amar Desh: Youtube Channel
- Somoy Tv: ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, আটক ১
- Kaler Kantho: বগুড়ায় ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভনে প্রতারণা, আটক ১
- Jago News: দাঁড়িপাল্লায় ভোট দিলে ভাতা কার্ডের প্রলোভন: প্রতারক গ্রেফতার

