দাঁড়িপাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেবেন বলে মন্তব্য করেননি শফিকুর রহমান

সম্প্রতি, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে’ শীর্ষক দাবিতে আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৫ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০৫ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৫ ফেব্রুয়ারিতে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ‘সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের বরাতে বলা হয়,‘ সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এখানে তো যুবকের বাইরে কাউকে দেখছি না। আপনাদের সঙ্গে আমিও যুবক।’ প্রতিবেদন সুত্রে জানা যায় গত ০৫ ফেব্রুয়ারিত বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর ঐতিহাসিক এ.টিম মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সুতরাং, দাঁড়ি পাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Amar Desh- Facebook Post

