জামায়াত নেতা কৃষ্ণ নন্দীকে জড়িয়ে আমার দেশের নামে সম্পদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা ১ (দাকোপ- বটিয়াঘাটা) আসনের প্রার্থী ও খুলনার ডুমুরিয়া উপজেলার জামায়াতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে উদ্ধৃত করে ‘ওসমান হাদি হত্যার আগে ও পরে জামায়াতের কৃষ্ণ নন্দীর সাথে ভারতে ‘র’ এর রহস্যময় যোগাযোগ’ শিরোনাম জাতীয় দৈনিক আমার দেশের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর পরে কিংবা আগে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাথে কৃষ্ণ নন্দীর রহস্যময় যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি এবং আলোচিত দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ব্যবহার করা হয়েছে ১৮ ডিসেম্বর, ২০২৫।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর ‘চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, আমার দেশের লোগো এবং ওসমান হাদির ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ইন্তেকাল করেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যর্থ হলে তিনি মারা যান। হাদির মৃত্যুতে সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়াও, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছে….।

সুতরাং, ‘ওসমান হাদির হত্যার আগে ও পরে জামায়াতের কৃষ্ণনন্দীর সাথে ভারতের র এর রহস্যময় যোগাযোগ’ শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: