ওসমান হাদির মৃত্যুর ঘটনায় মাহমুদুর রহমানকে জড়িয়ে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৮ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে জড়িয়ে আমার দেশের ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘ঢাকায় সহিংসতার উস্কানিদাতা মাহমদুর রহমান: ডিবি’।
অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘হাদির আসনে লড়াই করার ঘোষনা দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের বিষয়ে আমার দেশ উল্লেখিত ফটোকার্ডগুলো প্রকাশ করেনি। এছাড়া, ঢাকায় সহিংসতার উস্কানিদাতা মাহমুদুর রহমান শীর্ষক দাবিও ডিবি পুলিশের পক্ষ থেকে করা হয়নি। পাশাপাশি, এখন পর্যন্ত ওসমান হাদির আসন ঢাকা-৮ থেকে নির্বাচন করারও ঘোষণা দেননি মাহমুদুর রহমান। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এগুলোতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৯ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে আলোচিত ফটোকার্ডগুলোর বিষয়ে অনুসন্ধানে দৈনিক আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামগুলোতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। উক্ত গণমাধ্যমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে এমন কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি।
ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্ট, ফন্টের আকার, ফন্টের গাঢ়ত্বে অমিল পরিলক্ষিত হয়। পাশাপাশি, বানান ভুলও পরিলক্ষিত হয়; যেমন: ‘মাহমুদুর রহমান’কে ‘মাহমদুর রহমান’, ‘ঘোষণা’কে ‘ঘোষনা’ লেখা হয়েছে।

পাশাপাশি, অন্যকোনো গণমাধ্যমেও আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান হাদির প্রতিষ্ঠিত কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেন, ‘আজ (১৩ ডিসেম্বর) থেকে আমি হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি চালিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ’। তবে এখন পর্যন্ত ওসমান হাদির আসন ঢাকা-৮ থেকে নির্বাচন করার ঘোষণা দেননি মাহমুদুর রহমান। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত কোনো সংসদীয় আসন থেকেই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি তিনি।
সুতরাং, ওসমান হাদির ঘটনায় দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube Channel
- My TV – হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি করব ইনশাআল্লাহ: মাহমুদুর রহমান

