বন্যার মধ্যেই আগ্রাবাদে ওয়ান ব্যাংক নিয়ে ভুয়া ডাকাতির গুজব 

চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তির মধ্যেই ১০ জুলাই রাতে ফেসবুকে ছড়ায়, চট্টগ্রাম শহরের আগ্রাবাদে ওয়ান ব্যাংকের শাখায় ডাকাত হানা দিয়েছে।

চট্টগ্রামের স্থানীয় সংবাদমাধ্যম সি প্লাস টিভির ভিডিও এডিটর আয়ান আহমেদ রোহানের উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগ্রাবাদে ওয়ান ব্যাংকে ডাকাতের হানার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ১১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওয়ান ব্যাংকের একটি শাখায় ১০ জুলাই রাত প্রায় ১১টার দিকে জরুরি (ইমার্জেন্সি) সাইরেন বেজে উঠলে মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেই খবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে অনেকেই ব্যাংকে ডাকাতি হয়েছে বলে দাবি করতে থাকেন।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়, সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। ওসি জানান, জলাবদ্ধতার কারণে আতঙ্কিত মানুষ ইমার্জেন্সি সাইরেনের শব্দকে ডাকাতির ঘটনা বলে ভুল বুঝেছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, আগ্রাবাদে ওয়ান ব্যাংকের মূল শাখা এবং ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে। মূল শাখার ম্যানেজার মোহাম্মদ সালাহউদ্দিন রিউমর স্ক্যানারকে জানান, ব্যাংকে ডাকাতির মতো কোনো ঘটনা ঘটেনি৷

সুতরাং, বন্যার মধ্যে চট্টগ্রামে আগ্রাবাদের ওয়ান ব্যাংক শাখায় ডাকাতির দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: