এমপি প্রার্থী আমির হামজার মৃত্যুর ভুয়া দাবি প্রচার

সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমির হামজার মৃত্যু সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হয়েছে।

আসন্ন নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজার মৃত্যু হলে এ বিষয়ে গণমাধ্যমে গুরুত্বসহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ০৮ ফেব্রুয়ারি ‘মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি’ শিরোনাম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৮ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচনী গণসংযোগকালে আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসক আরও জানান, আমরা ইসিজি করেছিলাম সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে আজই রিলিজ দেওয়া হবে বলে আশা করছি। এই বিষয়ে অন্যান্য গণমাধ্যমের (, ) প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

এ বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) আব্দুল গফুরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মৃত্যুর তথ্য ভুয়া। তিনি বর্তমানে বাসায় আছেন।

সুতরাং, মুফতি আমির হামজার মৃত্যু সংক্রান্ত প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: