ট্যাক্স বাড়ানো বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘মন্ত্রী পরিষদের ব্যয় মেটাতে হলে জনগণের উপর আরো ৪ গুন ট্যাক্স বারাতে হভে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মন্ত্রিপরিষদের ব্যয় মেটাতে হলে জনগণের ওপর ৪ গুণ ট্যাক্স বাড়াতে হবে বলে মন্তব্য করেননি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মূলত, এই ফটোকার্ডটিতে থাকা ‘অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে’ শীর্ষক বাক্যের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘মন্ত্রী পরিষদের ব্যয় মেটাতে হলে জনগণের উপর আরো ৪ গুন ট্যাক্স বারাতে হভে, অর্থমন্ত্রী’ শীর্ষক বাক্য প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে আমাদের ট্যাক্স বাড়াতে হবে। সেইসাথে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ যদি না হয় তাহলে দেশে কর্মসংস্থান হবে না। বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছি। তার উক্ত বক্তব্যে ‘মন্ত্রিপরিষদের ব্যয় মেটাতে হলে জনগণের ওপর আরো ৪ গুন ট্যাক্স বাড়াতে হবে’ শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘মন্ত্রী পরিষদের ব্যয় মেটাতে হলে জনগণের উপর আরো ৪ গুন ট্যাক্স বারাতে হভে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: