‘নির্বাচনে বিএনপির যতটা ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ছিলো আমরা ততটা করিনি’ শীর্ষক মন্তব্য করেননি আমির খসরু

সম্প্রতি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে আমির খসরু বলেছেন, ‘নির্বাচনে বিএনপির যতটা ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ছিলো আমরা ততটা করিনি। নির্বাচনের রাতে চাইলে ২৮০ আসন আমরা নিয়ে নিতে পারতাম’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচনে বিএনপির যতটা ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ছিলো আমরা ততটা করিনি’ শীর্ষক আলোচিত মন্তব্য করেননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা’ নামের একটি ফেসবুক পেজে ২৬ এপ্রিলে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘ChandaVision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চাঁন্দা’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০%, বিনোদন ৯০%।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরুপ আরো ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে পোস্টটি মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, আমির খসরু ‘নির্বাচনে বিএনপির যতটা ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা ছিলো আমরা ততটা করিনি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Chandavision – খাম্বার কাছের টেম্পুস্ট্যান্ডের টেন পারসেন্ট চান্দা – Facebook Post

