‘আ.লীগের মিছিলে গুলি হলে বাংলাদেশে সামরিক অভিযান’— অমিত শাহ এমন মন্তব্য করেননি

সম্প্রতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ “আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে গুলি বর্ষণ করা হলে বাংলাদেশে সামরিক অভিযান চালানো হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টা’র লোগো যুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অমিত শাহ বাংলাদেশ নিয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং জি২৪ ঘণ্টাও এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জি২৪ ঘণ্টার লোগো যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টার লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অন্য দেশে সামরিক অভিযান চালানোর হুমকি দিলে সেটি গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় কিংবা বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, অমিত শাহর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ “আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে গুলি বর্ষণ করা হলে বাংলাদেশে সামরিক অভিযান চালানো হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জি২৪ ঘণ্টার ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: