সম্প্রতি ‘বিএনপির কার্যালয়ে কি হচ্ছে দেখুন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভয়েসওভারের মাধ্যমে দাবি করা হয়, বিএনপির কার্যালয় সাধারণ মানুষ ঘেরাও করেছে এবং তারা সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।
এ বিষয়ে ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে।
ফেসবুকে প্রচারিত এই দাবির ভিডিওটি প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৬ লাখবার দেখা হয়েছে এবং এতে প্রায় ৪৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বিএনপি সরকারের পদত্যাগ দাবিতে সাধারণ মানুষের কোনো ঘেরাও কর্মসূচির দৃশ্য নয়। বরং এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়নের দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘Voice Bangla 24’ নামের একটি ফেসবুক পেজে গত ২ এপ্রিল একই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘বিএনপির কার্যালয়ের সামনে সেনাবাহিনীর ঢল’।

পেজটি পর্যবেক্ষণ করে আরও দেখা যায়, ২৮ মার্চ থেকে বিএনপি কার্যালয়ের সামনের একাধিক ভিডিও (১,২,৩) ভিন্ন ভিন্ন শিরোনামে প্রকাশ করা হয়েছে। একই দিনে ‘নয়া পল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে বিকাল ৫টার সময়’ ক্যাপশনে একটি পোস্ট দেওয়ার পর এসব ভিডিও প্রচার করা হয়।
এ বিষয়ে ২৮ মার্চ প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নেতা-কর্মীদের ব্যাপক সমাগম ঘটে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। সমর্থকদের উপস্থিতিতে এলাকায় যানজট সৃষ্টি হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে সরকার পতনের দাবিতে বিএনপি কার্যালয়ের সামনে কোনো ঘেরাও কর্মসূচির তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়নের ভিডিওকে সরকারের পদত্যাগ দাবিতে ঘেরাও কর্মসূচি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Voice Bangla 24: Facebook Post
- Voice Bangla 24: Facebook Post
- Prothom Alo: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল


