‘মুনিয়া হত্যা মামলায় আনভীর গ্রেফতার’ দাবিতে ডেইলি সান এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

২০২১ সালে গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেসময় গুলশান থানায় মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামি করে একটি মামলা হয়। তবে সে মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে পরবর্তী সময়ে গুলশান থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর ওই মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদন গ্রহণ করেন আদালত। সম্প্রতি এরই প্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরের ছবি সংযুক্ত করে ইংরেজি গণমাধ্যম ‘ডেইলি সান’ এর ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘Bashundhara owner Anvir arrested in Munia murder-rape case’৷ বাংলায়: মুনিয়া হত্যা-ধর্ষণ মামলায় বসুন্ধরার মালিক আনভীর গ্রেফতার।
আলোচিত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে ২ হাজারেরও পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘Bashundhara owner Anvir arrested in Munia murder-rape case’ শিরোনামে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ ডেইলি সান প্রকাশ করেনি এবং আনভীরও গ্রেফতার হোননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডেইলি সান এর ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে ডেইলি সান এর লোগো ও তারিখ হিসেবে ২৯ জুন ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে উক্ত তারিখে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন ও টেক্সটের ফন্টে ভিন্নতা লক্ষ্য করা যায়। পাশাপাশি, গত ২৯ জুন সোমবার হলেও ফটোকার্ডটিতে রবিবার উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে উল্লেখ্য যে, সম্প্রতি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যমগুলো কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একাধিক নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে। বিপরীতে এনসিপির নেতাকর্মী/সমর্থকরা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নানা গণমাধ্যম নিয়ে একাধিক নেতিবাচক প্রচারণা চালাতে শুরু করেছে।
সুতরাং, ‘Bashundhara owner Anvir arrested in Munia murder-rape case’ দাবিতে ডেইলি সান এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Sun – Facebook Page

