এপ্রিল ফুলের পোস্ট থেকে বিসিবি ও খেলোয়াড়দের নিয়ে ছড়াল বিভ্রান্তি

এপ্রিল ফুল অর্থাৎ বোকা বানানোর দিন। ইংরেজিতে একে বলা হয় ‘অল ফুলস ডে’। প্রতি বছরের পয়লা এপ্রিল দিনটি পালন করা হয়। দিনটির উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও ন্যাশনাল জিওগ্রাফিক, ব্রিটানিকা, হিস্ট্রিসহ বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, এপ্রিল ফুল দিবসের সূচনা হয়েছিল পনেরো শতকে ফ্রান্সে।

এই দিনটিকে কেন্দ্র করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে বিভিন্ন উপায়ে বোকা বানিয়ে মজা নেওয়ার হয়। বিশ্বায়নের এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনটিকে ঘিরে নিকটজনদের বোকা বানানোর প্রবণতা দেখা যায়। আর এরই মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ভুল তথ্য; যা মানুষ যাচাই-বাছাই ছাড়াই সত্য দাবিতে বিশ্বাস করে ফেলে। এপ্রিল ফুলকে কেন্দ্র করে এমনই কিছু পোস্ট বিশ্লেষণ করে দেখেছে রিউমর স্ক্যানার; যেগুলো এপ্রিল ফুলকে কেন্দ্র করে দেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যাচাই-বাছাই না করেই বিভ্রান্ত হচ্ছেন।

গতকাল (০১ এপ্রিল) এই ‘এপ্রিল ফুল’ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে প্রচারিত ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। এরমধ্যে, “CricVerse”, “খেলার পাতা” এবং “Blitz Vision” নামক তিনটি ক্রিড়াবিষয়ক খবরের ফেসবুক পেজ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন দাবিতে তিনটি পোস্ট করা হয়েছে।

তিনটি পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, সেগুলোতে মোট প্রায় ২৬ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টগুলো শেয়ার হয়েছে প্রায় সাড়ে চারশো বার। এছাড়া, মন্তব্য এসেছে প্রায় সাড়ে সাতশোটি; যার অধিকাংশই আলোচিত দাবিটিকে সত্য ভেবে করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হননি। বিসিবির ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী বিসিবির বর্তমান সভাপতি মো: আমিনুল ইসলাম।

তামিম ইকবাল বিসিবির সভাপতি হলে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি তামিম ইকবালের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত তিনটি পোস্টের মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টদাতা তিনটি পেজের মন্তব্যঘরেই এটিকে এপ্রিল ফুলকে কেন্দ্র করে করা পোস্ট বলে সরাসরি উল্লেখ করা হয়েছে। আর বাকি একটিতে, একজন ব্যবহারকারীর মন্তব্যের জবাবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

কিন্তু, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এগুলো না দেখেই আলোচিত দাবিটি বাস্তব হিসেবে ধরে নিয়ে পোস্ট শেয়ার করছে, মন্তব্য করছে।

এপ্রিল ফুল দিবসকে কেন্দ্র করে শুধু তামিম ইকবালকে নিয়েই নয় বরং, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলেও একটি দাবি ছড়িয়ে পড়েছে। তবে, অনুসন্ধানে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মেহেদী হাসান মিরাজের ফেসবুক পেজেও পাওয়া যায়নি।

পরবর্তীতে পোস্টকারীর কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, এটিও এপ্রিল ফুল দিবসকে কেন্দ্র করে দেওয়া একটি পোস্ট।

এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ সভাপতি হয়েছেন মোহাম্মদ মিঠুন শীর্ষক একটি দাবিও প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটিও মিথ্যা। এটিও এপ্রিল ফুল দিবসকে কেন্দ্র করে দেওয়া পোস্ট।

অর্থাৎ, এপ্রিল ফুলকে কেন্দ্র করে বিসিবি এবং ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে এই পোস্টগুলো মজার ছলে বোকা বানানোর উদ্দেশ্যে করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যাচাই-বাছাই না করেই সেগুলো সত্য বলে ধরে নিচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন।

Share: