‘মিজানুর রহমান আজহারীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই’ বলে মন্তব্য করেননি অপু বিশ্বাস

সম্প্রতি অভিনেত্রী অপু বিশ্বাস ও ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী-কে কেন্দ্র করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, অপু বিশ্বাস বলেছেন “মিজানুর রহমান আজহারীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি অপু বিশ্বাস করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে অপু বিশ্বাসের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সাপেক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Lalmaiya TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘Lalmaiya TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, অপু বিশ্বাস “মিজানুর রহমান আজহারীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Lalmaiya TV – Facebook Post
- Rumor Scanner’s Analysis

