‘আর্জেন্টিনা পেনাল্টি পাবেই’ দাবিতে সুইস ম্যানেজার ইয়াকিনের নামে ভুয়া মন্তব্য প্রচার

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সুইজারল্যান্ড দলের ম্যানেজার মুরাত ইয়াকিনকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তিনি বলেছেন, “আমাদের গোলরক্ষক ইতোমধ্যেই পেনাল্টি ঠেকানোর অনুশীলন শুরু করেছে। কারণ আমরা জানি, আর্জেন্টিনা ম্যাচে একটি পেনাল্টি পাবে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুইজারল্যান্ডের ম্যানেজার মুরাত ইয়াকিন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ারধর্মী এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো বানোয়াট মন্তব্যটি পরবর্তীতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ইয়াকিনের আসল বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে ইয়াকিনের এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো আলোচিত ম্যাচের আগে কোনো দলের ম্যানেজার এমন মন্তব্য করলে তা আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমগুলোর নজর কাড়তো এবং এ নিয়ে সংবাদ প্রকাশিত হতো। কিন্তু নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে এমন সংবাদ পাওয়া যায়নি।

মন্তব্যটি যাচাই করতে আলোচিত ম্যাচের আগে আয়োজিত সুইজারল্যান্ডের সংবাদ সম্মেলনের ভিডিও ফিফার ইউটিউব চ্যানেল থেকে খুঁজে বের করা হয়। পাশাপাশি সুইস সংবাদপত্র ব্লিকের ওই সংবাদ সম্মেলন নিয়ে প্রকাশিত প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। তবে কোনো উৎসেই আলোচিত মন্তব্যটির অস্তিত্ব পাওয়া যায়নি।

বরং ব্লিকের প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে করা প্রশ্নের জবাবে ইয়াকিন বলেন, “আমার মনে হয় ম্যাচগুলো ন্যায্যভাবেই হচ্ছে। ভিএআরের মাধ্যমে সবকিছু পরিষ্কার করা সম্ভব। আমরা জানি, তারা শারীরিকভাবে কঠিন ফুটবল খেলে। প্রতিটি দ্বৈরথেই অনেক তীব্রতা ও আবেগ থাকে। আমাদের শুধু এর মোকাবিলা করতে হবে। ম্যাচের পর কথার মাধ্যমে অভিযোগ তোলা ভুল। এর সঙ্গে ন্যায্যতার কোনো সম্পর্ক নেই।”

ম্যাচের আগে প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনার কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন ইয়াকিন, যা সুইজারল্যান্ড কাজে লাগাতে পারে। তিনি বলেন, “আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছি, যা আমাদের জন্য একটি অনন্য সুযোগ। একই সঙ্গে আমরা বুঝতে পেরেছি, আর্জেন্টিনা অজেয় নয়। কৌশলগত দৃষ্টিকোণ থেকে ম্যাচটি বেশ আকর্ষণীয় হওয়ার কথা।”

আলোচিত মন্তব্যটির সূত্রপাত অনুসন্ধানে দেখা যায়, ‘Ball Zone’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ৯ জুলাই হুবহু একই বক্তব্য প্রচার করা হয়। তবে পোস্টটিতে মন্তব্যটির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। বরং অ্যাকাউন্টটির বায়োতে লেখা রয়েছে, “Home of football jokes – Satire”, অর্থাৎ এটি ফুটবলবিষয়ক কৌতুক ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশকারী একটি অ্যাকাউন্ট।

সুতরাং, ‘আর্জেন্টিনা পেনাল্টি পাবেই জেনে সুইস গোলরক্ষক অনুশীলন করছেন’ দাবিতে মুরাত ইয়াকিনের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র


Share: