রাজবাড়ীতে এক বাড়িতে হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে জড়িয়ে ডিবিসির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

গেল জানুয়ারি মাসে ‘তারেক রহমানের উপহার দেয়া রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট জামায়াত শিবিরের’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘তারেক রহমানের উপহার দেয়া রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট জামায়াত শিবিরের’ শিরোনামে ডিবিসি নিউজ‌ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ‌ের লোগো রয়েছে এবং এটি প্রকাশ তারিখ হিসেবে ৩১ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ডিবিসি নিউজ‌ের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ডিবিসি নিউজ‌ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি ‘তারেক রহমানের উপহার দেয়া রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর সঙ্গে প্রচারিত ফটোকার্ডের তারিখ, যমুনা টিভির লোগো ও ছবির মিল রয়েছে। তবে দুই ফটোকার্ডের শিরোনামে পার্থক্য আছে। এছাড়া, ডিবিসি নিউজের ব্যবহৃত শিরোনামের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, ডিবিসি নিউজ‌ের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ডিবিসি নিউজের মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়,

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়।

উল্লেখিত প্রতিবেদনের কোথাও অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় জামায়াত-শিবির বলে দাবি করা হয়নি।

সুতরাং, ‘তারেক রহমানের উপহার দেয়া রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট জামায়াত শিবিরের’ শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: