অন্তত ২৩ ডিসেম্বর বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘ইন্না লিল্লাহ আজ এইমাত্র গুলিবিদ্ধ সারজিস আলম’। বিস্তারিত দাবিতে একটি লিঙ্ক পোস্টের মন্তব্য সেকশনে সংযুক্ত করা হয় যেখানে দাবি করা হয়, ‘রাজধানীতে গুলিবিদ্ধ সারজিস আলম, গুরুতর আহত। রাজধানীর একটি ব্যস্ত এলাকায় আজ এক গুলি হামলার ঘটনায় সারজিস আলম গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় সারজিস আলমকে তাৎক্ষণিকভাবে নিকট একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গুলিবিদ্ধ হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘protibadnews76.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘protibadnews76.blogspot.com’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘রাজধানীতে গুলিবিদ্ধ সারজিস আলম, গুরুতর আহত’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং তবে এর প্রকাশকাল হিসেবে কোনো সুনির্দিষ্ট তারিখের উল্লেখ পাওয়া যায়নি।
কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, ‘রাজধানীতে গুলিবিদ্ধ সারজিস আলম, গুরুতর আহত। রাজধানীর একটি ব্যস্ত এলাকায় আজ এক গুলি হামলার ঘটনায় সারজিস আলম গুলিবিদ্ধ হয়েছেন।’
স্বাভাবিকভাবে, সারজিস আলম গুলিবিদ্ধ হলে তা মূলধারার সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো ফেসবুক পোস্ট পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গুলিবিদ্ধ হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Md Sarjis Alam – Facebook Account


