চট্টগ্রাম বন্দরে অস্ত্রবাহী ট্রাকের সারি দাবিতে সিরিয়ার ভিডিও প্রচার 

গেল সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে ‘এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমেরিকা থেকে আসা যুদ্ধের শত শত অস্ত্রবাহী ট্রাক নামছে বাংলাদেশে,, এদিকে গতরাতে হাজার হাজার আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে,, আমাদের সেনাবাহিনী এবং সুদী ইউনুছ দেশ আমেরিকার কাছে বিক্রি করেছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রাম বন্দরের নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে সিরিয়ার আল-ওমর তেলক্ষেত্র এবং কোনোকো গ্যাস স্থাপনা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে তুরস্কের গণমাধ্যম gdh digital এর এক্স হ্যান্ডেলে গত ৩ মে প্রকাশিত পোস্টে আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটির ক্যাপশনে বলা হয়, এটি পূর্ব সিরিয়ার দেইর আজ-জোরে অবস্থিত আল-ওমর তেলক্ষেত্র এবং কোনোকো গ্যাসক্ষেত্র থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহারের দৃশ্য।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত ১৭ সেপ্টেম্বরের কোনো ঘটনার দৃশ্য নয়।

পরবর্তীতে, এ বিষয়ে আজারবাইজানের গণমাধ্যম Caliber এর ওয়েবসাইটে গত ০৩ মে ‘US completes troops withdrawal from two largest military bases in East Syria’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত ভিডিও সংযুক্ত থাকতে দেখা যায়। উক্ত গণমাধ্যম এটি ইরাকি কুর্দিস্তান থেকে আগত ট্রাকের মাধ্যমে সিরিয়ার আল-ওমর তেলক্ষেত্র এবং কোনোকো গ্যাসক্ষেত্র থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহারের দৃশ্য বলে জানা যায়।

এছাড়া, একাধিক গণমাধ্যম (, ) সূত্রেও গত ০৩ মে পূর্ব সিরিয়ার দেইর আজ-জোর অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার সংবাদ পাওয়া যায়।

তাছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসার কোনো খবর পাওয়া যায়নি।

সুতরাং, গত সেপ্টেম্বরে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা অস্ত্রবাহী ট্রাকের সারির দৃশ্য দাবিতে গত মে মাসে সিরিয়ার দেইর আজ-জোর অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: