সেনাপ্রধান গ্রেফতারের ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি, ‘শেষ রক্ষা হলো না সেনাপ্রধানের এইমাত্র আটক খুনি ওয়াকার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ১২ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ভিন্ন ঘটনার অপ্রাসঙ্গিক ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সংযুক্ত করে এ দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে দেখা যায়, উক্ত ভিডিওতে বেশ কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করা হয়েছে। তবে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সেনাপ্রধানের মতো ব্যক্তি গ্রেফতার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ফেসবুক পেজে গত ১২ মার্চ প্রচারিত পোস্ট থেকে জানা যায়, সেদিন তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুষ্ঠিত সেনাবাহিনীর ইফতার-২০২৬ এ উপস্থিত ছিলেন।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (, , ) প্রচার হয়৷

এছাড়া, প্রচারিত ভিডিওতে থাকা সেনাপ্রধানকে গ্রেফতারের ছবিটি পর্যবেক্ষণ করলে ব্যক্তিদের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতারের দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: