জাতীয় নির্বাচন ও আ.লীগ ইস্যুতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

সম্প্রতি ‘এখন থেকে আওয়ামী লীগের মিছিল মিটিং এ বাধা দেবেনা সেনাবাহিনী’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে সংবাদ উপস্থাপিকাকে বলতে শোনা যায়, ‘এখন থেকে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে বাধা দেবে না সেনাবাহিনী। সকল দলকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘সকল দলেরই স্বাধীনতা আছে মিশন-মিটিং করার। তার এই বক্তব্যে নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনার ঝড়।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এরূপ কোনো মন্তব্য করেননি এবং এ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
জাতীয় নির্বাচন ইস্যুতে ও আওয়ামী লীগের বিষয়ে ওয়াকার-উজ-জামান এমন কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়; যেমন- ভিডিওটির অডিও ও ভিজ্যুয়াল সঙ্গতিপূর্ণ নয়। উপস্থাপিকার কণ্ঠস্বরের ওঠানামা, ঠোঁটের নড়াচড়া এবং মুখভঙ্গি একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যা সাধারণত এআই-নির্মিত ভিডিওর বৈশিষ্ট্য হয়ে থাকে। এছাড়া, ভিডিওটিতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এর ওয়েবসাইটে ভিডিওটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯.৯ শতাংশ।

সুতরাং, জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগকে জড়িয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

