“সেনাবাহিনীর সমর্থন ছাড়া বিএনপি ২৪ ঘণ্টাও টিকবে না”—নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘সেনাবাহিনী বিএনপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে ২৪ ঘন্টাও ক্ষমতায় থাকার সক্ষমতা নাই বিএনপির’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিলে ২৪ ঘন্টাও ক্ষমতায় থাকার সক্ষমতা নেই বিএনপির বলে মন্তব্য করেননি নাহিদ ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ৪ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। নাহিদ ইসলামের ফেসবুক পেজ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। নাহিদ ইসলামের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, সেনাবাহিনী ও বিএনপিকে নিয়ে নাহিদ ইসলামের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Gupto Television – Facebook Post
- Nahid Islam – Facebook Page

