সম্প্রতি, “চট্টগ্রামের বাকলিয়ায় তানভীর নামের এক সমন্বয়ককে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেফতার করেছে র্যাব।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে জাল নোটসহ তানভীর নামে কোনো ব্যক্তি গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেনি। পাশাপাশি, ছবির গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘সমন্বয়ক’ হওয়ার কোনো সত্যতাও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চট্টগ্রামে জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘটনার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Geo Bangla Tv’ নামক ইউটিউব চ্যানেলে গতবছরের ১৬ অক্টোবর ‘চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার’’ শিরোনামে একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর প্রথম অংশের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

এছাড়া, কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে গতবছরের ১৪ অক্টোবর ‘চট্টগ্রামের বাকলিয়ায় টাকা,ইউরো,ডলারসহ ২০ কোটি টাকার জাল নোট জ/ব্দ’ শিরোনামে একই ঘটনার ভিন্ন অ্যাঙ্গেলে ধারণকৃত আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গতবছরের ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চট্টগ্রামের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামের এক যুবককে বিদেশি জাল মুদ্রা—ডলার, ইউরো, রিয়াল ও দিরহামসহো আটক করে র্যাব।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে গ্রেফতারকৃতদের সমন্বয়ক পরিচয়ের সত্যতা মিলেনি। পরবর্তীতে বিষয়টি আরও নিশ্চিত হতে চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, উক্ত ব্যক্তির সমন্বয়ক পরিচয় সম্পর্কে তিনি অবগত নন।
পরবর্তীতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ফেসবুক অ্যাকাউন্টে ১ আগস্ট ২০২৪ তারিখে একটি পোস্টে চট্টগ্রামের সমন্বয়কদের একটি তালিকা পাওয়া যায়। ওই তালিকায় চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফের নাম রয়েছে। অন্যদিকে, জালনোট কাণ্ডে আটককৃত ব্যক্তিরা হলেন তানজিব উদ্দিন ও আসিফ উদ্দিন। তবে গণমাধ্যমে তানজিব উদ্দিনের নাম বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, চট্টগ্রামে জাল নোটসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা সমন্বয়ক শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Geo Bangla Tv – চট্টগ্রামের বাকলিয়ায় টাকা,ইউরো,ডলারসহ ২০ কোটি টাকার জাল নোট জ/ব্দ
- Kaler Kantho Digital – চট্টগ্রামের বাকলিয়ায় টাকা,ইউরো,ডলারসহ ২০ কোটি টাকার জাল নোট জ/ব্দ
- Prothom Alo – চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম জব্দ


