নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের নির্দেশ দেননি হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক একটি দাবি গতকাল (২৭ ফেব্রুয়ারি) টিকটকে প্রচার হয়েছে। 

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ২৯ হাজার বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের নির্দেশ দেননি হাইকোর্ট। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

গত নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়ে বেশ আলোচনার জন্ম দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকেই নানা সময়ে বিভিন্ন কার্যক্রম ও মন্তব্যের জেরে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি৷ এখনও বিভিন্ন ঘটনা বা মন্তব্যের কারণে গণমাধ্যমে নিয়মিত তার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। হাইকোর্ট তাকে গ্রেফতারের নির্দেশ দিলে এ সংক্রান্ত সংবাদও স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রচার হতো। তবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 
Share: