আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতার ছবি ছাত্রলীগ নেতার দাবিতে প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগসহ দেশজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে, ‘চলমান অগ্নি সন্ত্রাসকালে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার গায়ে আগুন লেগে যায় দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সত্য নয়। ছবিতে থাকা দগ্ধ ব্যক্তি ছাত্রলীগ নেতা নন। প্রকৃতপক্ষে, এটি রাজশাহীতে মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতার ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে, গত ১০ নভেম্বর অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪-এর প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি রাজশাহীতে মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতার ছবি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, ১০ নভেম্বর আজকের পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার সময় ছাত্রদলের এক নেতার শরীরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে অন্য নেতা-কর্মীরা তার গায়ে থাকা জার্সি খুলে আগুন নেভান। ১০ নভেম্বর রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। ছবিতে থাকা অগ্নিদগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম, তিনি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সুতরাং, ঢাকায় ‘অগ্নিসন্ত্রাসকালে’ ছাত্রলীগ নেতার গায়ে আগুন লাগার দাবিতে রাজশাহীতে ছাত্রদল নেতার গায়ে আগুন লাগার ছবি প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: