ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে আসিফ আকবরের নামে ভুয়া মন্তব্য প্রচার 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরোনো কমিটি ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে স্থান পেয়েছেন বিএনপির তিন নেতার ছেলে ও এক নেতার স্ত্রী। এরপরই ক্রিকেট বোর্ডের কমিটিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টি পুনরায় আলোচনা আসে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর প্রেক্ষিতে, কণ্ঠশিল্পী আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘বলেছিলাম না এইটাই হবে। যোগ্য ব্যক্তির কদর বুঝলো না চামচামির বাংলাদেশ।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নিয়ে এমন কোনো মন্তব্য করেননি আসিফ আকবর। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। আসিফ আকবরের ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আসিফ আকবরের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে আসিফ আকবরের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি এমন মন্তব্য করেননি বলে জানান।

সুতরাং, আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘বলেছিলাম না এইটাই হবে। যোগ্য ব্যক্তির কদর বুঝলো না চামচামির বাংলাদেশ।’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Statement of Asif Akbar
  • Rumor Scanner’s analysis 
Share: