সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর বিডি থ্রি থ্রি থ্রি নামের একটি অ্যাপের মাধ্যমে টাকা উপার্জন করার কথা বলছেন, এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ‘BD333 – Free Spin Zone’ নামের একটি পেজ থেকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে আসিফ আকবরের বক্তব্যের একটি ফুটেজ দেখানো হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসিফ আকবর জুয়ার অ্যাপের মাধ্যমে টাকা উপার্জনের কথা বলেননি বরং, ডিপফেক প্রযুক্তির সহায়তায় আসিফের সাক্ষাৎকারের পুরোনো ভিডিও সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন নিউজ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত আসিফের বক্তব্যের ফুটেজের সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি আসিফের সংগীত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে তার সাক্ষাৎকার দেওয়ার একটি ভিডিও। উক্ত সাক্ষাৎকারে তিনি জুয়ার অ্যাপ নিয়ে কোনো কথা বলেননি।
অর্থাৎ, এই ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত জুয়ার বিজ্ঞাপনের ভিডিওটি তৈরি করা হয়েছে।
‘BD333 – Free Spin Zone’ পেজে প্রকাশিত ভিডিওটি মেটার এড মডেলের মাধ্যমে অন্তত দুইবার স্পন্সরের মাধ্যমে বুস্ট করা হয়েছে। মেটার এড লাইব্রেরি থেকে জানা যায়, ভিডিওগুলো গত অক্টোবর এবং চলতি মাসে এড হিসেবে চালানো হয়েছে।

পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে জানা যায়, ২০২১ সালের ০৪ সেপ্টেম্বর পেজটি চালু করা হয়। তবে, পরিচালনা সংক্রান্ত তথ্য গোপন রাখায় পেজ পরিচালনা বিষয়ক অন্য কোনো তথ্য জানা যায়নি। এছাড়া, পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এতে উল্লেখযোগ্য কোনো পোস্ট নেই এবং জুয়ার ভিডিওটি হোমপেজ থেকে সরিয়ে রেখে প্রচার করা হচ্ছে।
সুতরাং, আসিফ আকবর জুয়ার অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের করার কথা বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- ATN News: YouTube Video


