নির্বাচনে অংশগ্রহণ না করা প্রসঙ্গে আসিফ মাহমুদের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদকে উদ্ধৃত করে ‘জয় সুনিশ্চিত না হলে নির্বাচনে যাবো না’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুনিশ্চিত জয়লাভ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি আসিফ মাহমুদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে এতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আসিফ মাহমুদের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে আসিফ মাহমুদের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি জানান, তিনি ঢাকা-১০ থেকে নির্বাচন করবেন না এবং এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পোস্টের কোথাও তিনি আলোচিত দাবিটি করেননি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ।
সুতরাং, নির্বাচনে জয় সুনিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে আসিফ মাহমুদ মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Asif Mahmud – Facebook Post
- Rumor Scanner’s analysis

