মাহফুজ আলম ও আসিফ মাহমুদ গ্রেফতার দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ গ্রেফতার ভিডিও লিংক কমেন্টে’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘jamunanewss247.blogspot.com/2025/12/blog-post_62.html’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘আসিফ ও মাহফুজ গ্রেপ্তারের দাবিতে রাজপথে তৃণমূল এমসিপির বিক্ষোভ, উত্তাল রাজধানীর রাজপথ’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটির প্রকাশকাল হিসেবে ২২ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

কথিত এই সংবাদে দাবি করা হয়, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আসিফ ও মাহফুজের গ্রেপ্তারের দাবিতে রাজপথে মিছিল ও সমাবেশ করেছে তৃণমূল এনসিপি। ২০ ডিসেম্বর বিকেলে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তৃণমূল এনসিপির নেতারা অভিযোগ করেন, আসিফ ও মাহফুজ দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থেকেও আইনের আওতার বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেন বক্তারা।

উক্ত সংবাদটি পর্যালোচনা করে এতে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম গ্রেফতার হয়েছেন দাবির বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। সেখানে, তাদের গ্রেফতারের গ্রেফতারের দাবিতে তৃণমূল এনসিপির আন্দোলনের উল্লেখ রয়েছে।

উক্ত সংবাদে সংযুক্ত ভিডিওটি অনুসন্ধানে লোগোর সূত্র ধরে চ্যানেল ২৪–এর ইউটিউব চ্যানেলে গত ১১ ডিসেম্বর ‘আসিফ–মাহফুজের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল এনসিপির বিক্ষোভ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম গ্রেফতার হওয়ার মতো ঘটনা ঘটলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্টে ২৩ ডিসেম্বর তাকে নির্বাচনী প্রচারণার ভিডিও শেয়ার করতে দেখা যায়।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে গ্রেফতারের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: