মেয়র পদে মনোনয়ন প্রসঙ্গে জামায়াত-সাদিক কায়েমকে জড়িয়ে মন্তব্য করেননি আসিফ মাহমুদ

গত ২০ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ০১ মে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন জামায়াতের কয়েকজন দায়িত্বশীল। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘নির্বাচনের সময় জামায়াত আমাকে বলেছিলো তুমি ঢাকা দশ আসন ছেড়ে দাও তোমাকে মেয়র বানাবো। আজকে জামায়াত সাদিক কায়েমকে মেয়র নমিনেশন দিলো। আমার সাথে বেইমানী করা হয়েছে’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে আর্কাইভ।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ০১ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘This is Gupto TV | একটি Satire & Parody platform All contents are for entertainment purpose only| আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।
সুতরাং, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে আলোচিত মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Asif Mahmud Shojib Bhuiyan – Facebook Page
- Gupto Television – Facebook Post

